মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,

শিক্ষকদের দাবি পূরণে কাজ করছে সরকার: এমপি সরোয়ার আলমগীর

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৬, ২০২৬, ০৯:৩৮ পিএম

শিক্ষকদের দাবি পূরণে কাজ করছে সরকার: এমপি সরোয়ার আলমগীর

ছবি :সংগ্রহীত

শিক্ষকদের দাবি পূরণে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। আজ মঙ্গলবার চট্টগ্রামের ফটিকছড়িতে বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন ও বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরোয়ার আলমগীর বলেন, শিক্ষকরা দেশ গড়ার কারিগর। বিশেষ করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা শিক্ষার্থীদের শুধু পাঠদানই করেন না, তাদের আদর্শ ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জাতীয় নির্বাচনেও শিক্ষকদের ভূমিকা রয়েছে। তাই শিক্ষকদের বিভিন্ন দাবি পূরণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ শিক্ষক সমিতি ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি তোহিদুল ইসলাম টিপু।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. মফিজুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুহাম্মদ আলমগীরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. মো. সেলিম রেজা, বিএনপি নেতা মির্জা আকবর, নাজিম উদ্দীন শাহিন, হামিদুর রহমান, মোবারক হোসেন ও আজিজ উল্লাহ।

আলোচনা সভা শেষে মোহাম্মদ মহিউদ্দিনকে সভাপতি এবং মোহাম্মদ আলমগীরকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ শিক্ষক সমিতি ফটিকছড়ি উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে জেলা ও উপজেলা শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রায় সাড়ে সাতশ শিক্ষক-কর্মকর্তা উপস্থিত ছিলেন।