অক্টোবর ৬, ২০২৬, ০৯:২৫ পিএম
ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি আধুনিক উড়োজাহাজ সংগ্রহের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শীর্ষক বিশেষ আয়োজনের মাধ্যমে এই চুক্তি স্বাক্ষরিত হবে। বহর সম্প্রসারণে বিমান এখন মিশ্র উড়োজাহাজ ব্যবস্থার দিকে হাঁটছে।
জাতীয় পতাকাবাহী এই সংস্থাটি এর আগে বহর সমৃদ্ধ করতে যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে দুই দফায় মোট ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি সই করেছিল। সেই ধারাবাহিকতায় আন্তর্জাতিক রুটে দীর্ঘদিন বোয়িংয়ের ওপর একক নির্ভরশীলতা থাকলেও এবার ইউরোপীয় বিমান নির্মাতার সাথে যুক্ত হচ্ছে তারা। সরকারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এয়ারবাস কেনার ব্যাপারে আলোচনা চলার পর ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধি ও রাষ্ট্রদূতদের সমন্বয়ে এই ক্রয় প্রক্রিয়া চূড়ান্ত রূপ পেল। বিশ্বের শীর্ষস্থানীয় অন্যান্য এয়ারলাইন্স ছাড়াও দেশের অভ্যন্তরীণ বেসরকারি সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ইতিমধ্যে তাদের বহরে বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস পরিচালনা করছে বলে নিশ্চিত করেছে দিনাজপুর টিভি ডট কম।
রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে বসছে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। বিমানের বিজ্ঞপ্তিতে এই চুক্তিকে দেশের ভবিষ্যৎ এভিয়েশন খাতের জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাইলফলক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ইয়োর্গেন ওয়েস্টারমেয়ার।
বিমানের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে মডেলের সুনির্দিষ্ট তালিকা উল্লেখ না থাকলেও গত ২৯ সেপ্টেম্বরের প্রেস ব্রিফিংয়ে বিমানমন্ত্রী জানান, এই ১০টি উড়োজাহাজের মধ্যে চারটি থাকবে সুবিশাল ওয়াইডবডি Airbus A350-900 এবং বাকি ছয়টি ন্যারোবডি Airbus A321neo মডেলের।
এদিকে নতুন উড়োজাহাজ যুক্ত করার পাশাপাশি সরবরাহ দ্রুত সম্পন্ন করার দিকেও নজর দিচ্ছে সরকার। গত সোমবার সচিবালয়ে জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোৎজের নেতৃত্বে ইউরোপের শীর্ষ বিমানসংস্থা লুফথানসার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী জানান, এয়ারবাসের ডেলিভারি প্রক্রিয়া ২০৩০ সালের আগেই যেন শুরু হয় সে ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
একই সঙ্গে বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তর করতে লুফথানসাকে দেশে মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহোল অবকাঠামো স্থাপন ও স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ তৈরিতে বিনিয়োগের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন