মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,

২০২৭ সালে বাংলাদেশে টয়োটার হাইব্রিড গাড়ি উৎপাদন শুরু

জাতীয় ডেস্ক

অক্টোবর ৬, ২০২৬, ০৯:২৬ পিএম

২০২৭ সালে বাংলাদেশে টয়োটার হাইব্রিড গাড়ি উৎপাদন শুরু

বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা জানিয়েছে জাপানি বহুজাতিক প্রতিষ্ঠান টয়োটা তুশো করপোরেশন। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানায় প্রতিষ্ঠানটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

টয়োটা তুশো করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানির নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠক করে। বৈঠকে বাংলাদেশে টয়োটার কার্যক্রম সম্প্রসারণ, বিনিয়োগের সম্ভাবনা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রতিনিধিদল জানায়, বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়নের প্রসার, প্রযুক্তি স্থানান্তর এবং স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ উন্নয়নে তারা অবদান রাখতে আগ্রহী। এছাড়া দেশের সব বিভাগীয় পর্যায়ে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনাও বাস্তবায়নাধীন রয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান টয়োটার বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণের আগ্রহকে উষ্ণ স্বাগত জানান। তিনি জানান, দেশি-বিদেশি বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। বিদেশি বিনিয়োগকারীদের প্রয়োজনীয় নীতি সহায়তা, অবকাঠামোগত সুবিধা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী এ সময় বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের অপার সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, এসব খাতে টয়োটা তুশো করপোরেশন বিনিয়োগে এগিয়ে এলে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

আলোচনায় জানানো হয়, ২০২৭ সালে বাংলাদেশের একটি অর্থনৈতিক অঞ্চলে টয়োটা বাংলাদেশের উদ্যোগে ‘বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের জন্য’ উন্নয়ন দর্শন সামনে রেখে হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল বা এইচইভি উৎপাদন শিল্প গড়ে তোলার কাজ শুরু হবে। এরপর ২০২৯ সালের মধ্যে এই কারখানায় পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম চালুর সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।

পাশাপাশি মানবসম্পদ উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখার আগ্রহ প্রকাশ করেছে টয়োটা। বিশেষ করে দেশের তরুণ সমাজকে কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ প্রদান, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ শিল্পের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান।

এছাড়া টয়োটা তুশো করপোরেশনের মোবিলিটি ডিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শিগেরু হারাদা এবং টয়োটা বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট প্রেমমিত সিংসহ প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এই তথ্য নিশ্চিত করেছেন।