মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,

ধীরে ধীরে বাড়ছে কর আদায়, লক্ষ্য পূরণে আশাবাদী অর্থমন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৬, ২০২৬, ০৯:১৬ পিএম

ধীরে ধীরে বাড়ছে কর আদায়, লক্ষ্য পূরণে আশাবাদী অর্থমন্ত্রী

দেশে ধীরে ধীরে কর আদায় বাড়ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। অর্থমন্ত্রী বলেন, ধীরে ধীরে কর আদায় বাড়ছে। মানুষকে কর দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হচ্ছে। দুই দিক থেকেই সমস্যা ছিল। আমরা সেগুলো দূর করার চেষ্টা করছি। যেন মানুষ হয়রানির শিকার না হয় এবং সঠিকভাবে কর দিতে পারে। এটা এখন কাজ করছে। উন্নতি ভালোই হচ্ছে। তবে আরও উন্নতি বাকি আছে। অনেক দিনের সমস্যা, একদিনে সমাধান হবে না।

বৃহৎ করদাতা ইউনিট এবং সিগারেট খাত থেকে রাজস্ব আদায় কম হওয়ার বিষয়ে জানতে চাইলে আমির খসরু জানান, এই বিষয়গুলো সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা রয়েছে। তিনি বলেন, এক-দেড় মাসের মধ্যে কোনো সিদ্ধান্ত দেওয়ার কিছু নেই। করব্যবস্থায় পর্যায়ক্রমে উন্নতি হয়। প্রথমদিকে একটু সমস্যা থাকতেই পারে। উন্নতিটা পরের দিকে পর্যায়ক্রমে হয়। আমরা একটু অপেক্ষা করি। আশা করি এটা পূরণে যে লক্ষ্যমাত্রা দিয়েছি, সেটা অর্জন করতে পারব। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে অর্থমন্ত্রী জানান, কর্মকর্তারা কঠোর পরিশ্রম করছেন এবং নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।

চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি তিন দশমিক চার শতাংশ হতে পারে বলে বিশ্বব্যাংক যে পূর্বাভাস দিয়েছে, সে বিষয়ে জানতে চাইলে তিনি মন্তব্য করেন, দেখা যাক, অপেক্ষা করা যাক।