অক্টোবর ৫, ২০২৬, ০৬:৫৪ পিএম
স্থায়ী বসতভিটা ও নিজস্ব ঠিকানা না থাকার কারণে আটকে থাকা ঝিনাইদহের আলোচিত যুবক মিশন আচার্য অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগপত্র পেয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে এই নিয়োগের তথ্য নিশ্চিত করেন। নিয়োগপত্র প্রদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় মো. রাশেদ খাঁন মিশন আচার্যকে অভিনন্দন জানিয়ে উল্লেখ করেন, আজ থেকে তার নামের আগে আনুষ্ঠানিকভাবে শিক্ষক শব্দটি যুক্ত হলো। তাকে একজন আদর্শ শিক্ষক হওয়ার পরামর্শ দিয়ে তিনি আশা প্রকাশ করেন, যেন তিনি হাজারো শিক্ষার্থীর প্রিয় শিক্ষক হয়ে উঠতে পারেন এবং তার ভবিষ্যৎ সুন্দর ও সাবলীল হয়। নিজের বক্তব্যে রাশেদ খাঁন আশা প্রকাশ করে বলেন, স্থায়ী বসতভিটা না থাকার অজুহাতে ভবিষ্যতে যেন আর কোনো যোগ্য প্রার্থীকে এমন ভোগান্তির মুখোমুখি হতে না হয়।
এই সংকটকালে যে সাংবাদিকরা মানসিক সমর্থন জুগিয়ে পাশে দাঁড়িয়েছিলেন, তাদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষামন্ত্রীকেও বিশেষ ধন্যবাদ জানিয়েছেন তিনি। প্রকাশিত বার্তার সাথে মিশন আচার্যের আনুষ্ঠানিক নিয়োগপত্রটিও যুক্ত করে দেওয়া হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন