মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,

কুমিল্লায় পাঠ্যবই ছাপার প্রেস পরিদর্শনে শিক্ষামন্ত্রী

জাতীয় ডেস্ক

অক্টোবর ৬, ২০২৬, ০৮:২১ পিএম

কুমিল্লায় পাঠ্যবই ছাপার প্রেস পরিদর্শনে শিক্ষামন্ত্রী

কুমিল্লার দাউদকান্দিতে অবস্থিত ফরাজী প্রেস অ্যান্ড পাবলিকেশন্সে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই মুদ্রণ কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল মিলন। মঙ্গলবার (০৬ অক্টোবর) কোনো পূর্বঘোষণা ছাড়াই আকস্মিকভাবে ওই প্রেসে যান তিনি। পরিদর্শনের সময় তিনি পাঠ্যবই ছাপার বাস্তব অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং মুদ্রণ কাজের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলেন।

মুদ্রণের মানে কোনো ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন মন্ত্রী। শিক্ষামন্ত্রী বই ছাপার সামগ্রিক অগ্রগতি এবং কাগজের গুণগত মান পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করেন। শিক্ষার্থীদের হাতে নির্দিষ্ট সময়ের মধ্যে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দেওয়ার লক্ষ্যে নির্ধারিত মানদণ্ড পুরোপুরি বজায় রাখার ওপর তিনি কঠোর নির্দেশ দেন। তিনি উল্লেখ করেন, ভবিষ্যৎ প্রজন্মের লেখাপড়ার সাথে সরাসরি সম্পৃক্ত এই কার্যক্রমে কোনো প্রকার অনিয়ম বা গাফিলতি সহ্য করা হবে না। নিম্নমানের বই ছাপানো বা সরবরাহের সাথে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ও প্রশাসনিক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন।

পরিদর্শনকালে শিক্ষামন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে এই পরিদর্শনের বিস্তারিত তথ্য জানানো হয়েছে।