মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,

তুরস্কে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছেন শফিকুর রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৬, ২০২৬, ০৮:৪৪ পিএম

তুরস্কে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছেন শফিকুর রহমান

তুরস্কের ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে দেশটিতে যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ‍‍`সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ‍‍` শীর্ষক এই বিশেষ সম্মেলনটিতে অংশ নিতে বুধবার (০৭ অক্টোবর) সকালে তিনি ঢাকা ত্যাগ করবেন।

তুরস্কের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও নীতি-গবেষণা সংস্থার যৌথ উদ্যোগে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত‍‍` প্রতিপাদ্যে অনুষ্ঠিতব্য এই সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় এবং সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ বা সিপিএসআর। 

আয়োজকরা জানিয়েছেন, এই অ্যাকাডেমিক ও কূটনৈতিক প্ল্যাটফর্মে বাংলাদেশ, তুরস্কসহ বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিপ্রণেতা, কূটনীতিক, গবেষক এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। সম্মেলনে অংশ নেওয়ার পর ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তিনি।

জামায়াত আমির তুরস্কে আন্তর্জাতিক সম্মেলনের কার্যক্রম সমাপ্ত করে সেখান থেকে সরাসরি সৌদি আরবে যাবেন। সেখানে পবিত্র ওমরাহ পালন শেষে আগামী ১১ অক্টোবর সকালে তার দেশে ফেরার কথা রয়েছে। মঙ্গলবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের পাঠানো এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিরোধীদলীয় নেতার এই আন্তর্জাতিক সফরের বিস্তারিত সময়সূচি নিশ্চিত করা হয়।