অক্টোবর ৬, ২০২৬, ০৩:২৮ পিএম
আগামী ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। নতুন এই বিষয়গুলোর মধ্যে রয়েছে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি। মঙ্গলবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
শিক্ষামন্ত্রী বলেন, ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতা, কারিগরি দক্ষতা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত করা প্রয়োজন। সেই লক্ষ্যকে সামনে রেখেই ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রমে নতুন এই চারটি বিষয় যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী আরও জানান, ২০২৮ সাল থেকে পুরো শিক্ষাক্রমে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন ও পরিমার্জন আনা হবে।
সে সময় শিক্ষার্থীদের চাহিদা ও সময়ের প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে পাঠ্যক্রমে আরও নতুন বই সংযোজনের বিষয়টিও বিবেচনা করা হবে বলে তিনি উল্লেখ করেন। এই ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় দেশের সব শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূইয়া এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদাত হোসাইন। পাশাপাশি কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. সাখাওয়াত হোসেন খান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং জেলা প্রশাসক রোজী আকতারসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনউদ্দীন আল মাহমুদ সোহেল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন