মে ২০, ২০২৬, ০৬:০৫ পিএম
নেত্রকোনার মদনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জন্য মানতের রোজা রেখে এক নারী হাসপাতালে ভর্তি হয়েছেন। ৬৫ বছর বয়সী ওই গৃহিণীর নাম খোদেজা আক্তার। বুধবার হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।এর আগে রোজা রেখে আরও আট থেকে দশবার তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
খোদেজা মদন উপজেলার চানগাঁও চকপাড়া গ্রামের মৃত আব্দুল হাসেমের স্ত্রী। লোকমুখে তিনি শুনেছিলেন আওয়ামী শাসনামলে লুৎফুজ্জামান বাবর টানা ১৭ বছর কারাগারে বন্দি ছিলেন। তার কারামুক্তি ও পুনরায় নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য হওয়ার আশায় খোদেজা দীর্ঘ আড়াই মাস রোজা রাখার মানত করেন। গত ১২ ফেব্রুয়ারি বাবর বিপুল ভোটে ওই আসনে বিজয়ী হন।
পবিত্র রমজানের দীর্ঘ এক মাস রোজা রাখার পর গত ২১ মার্চ ঈদুল ফিতরের পরদিন থেকে ওই নারী তার মানতের রোজা শুরু করেন।ছেলে শেখ রবিন ও পুত্রবধূ রনি আক্তার জানান শত চেষ্টার পরও তারা মাকে রোজা ভাঙাতে রাজি করাতে পারেননি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল হুদা খান জানিয়েছেন দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে ওই নারী শারীরিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েছেন। তার সুস্থতার জন্য হাসপাতালের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন