সেপ্টেম্বর ২০, ২০২৬, ১২:৫৪ পিএম
বিয়ে না করলেই মানুষ অসুখী হয়ে পড়ে এমন ধারণার সঙ্গে একেবারেই একমত নন টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব। তার মতে সন্তান ছাড়াও একজন মানুষ সম্পূর্ণ সুখী জীবন কাটাতে পারেন। তবে ব্যক্তিগত জীবন ও অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে নিজের নেওয়া কিছু সিদ্ধান্ত নিয়ে খোলামেলা আক্ষেপের কথা জানিয়েছেন এই তারকা। সম্প্রতি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান দাদাগিরির একটি প্রচার ঝলকে বিয়ে ও ব্যক্তিগত জীবনের মুখোমুখি হন তিনি।
সেখানে প্রশ্নের উত্তরে দেব জানান জীবনে এমন কিছু সিদ্ধান্ত ছিল যা হয়তো আরও অনেক আগেই নেওয়া দরকার ছিল। সেসব সিদ্ধান্ত সময়মতো আগে নিলে আরও ভালো হতো বলেই এখন মনে করেন তিনি। তবে এই আক্ষেপের পেছনে পরিবার বাবা-মা কিংবা পেশাগত কাজকে অবহেলা করার কোনো বিষয় নেই বলে স্পষ্ট জানিয়েছেন দেব। বরং অভিনয় ও পেশাকে ভালোবেসেই তিনি আজ এত দূর এগিয়ে এসেছেন।
তার কথায় পেছন ফিরে তাকালে স্পষ্ট উপলব্ধি হয় যে জীবনের অনেকটা পথ তিনি ইতিমধ্যে পেরিয়ে এসেছেন। তবে ঠিক কোন সিদ্ধান্তের কারণে এই আক্ষেপ তা সরাসরি প্রকাশ করেননি এই অভিনেতা। সুনির্দিষ্ট সিদ্ধান্তের কথা না বলাতেই অনুরাগী ও দর্শকের মধ্যে তীব্র কৌতূহল তৈরি হয়েছে।
এই আক্ষেপ কি বিয়ে ও সম্পর্কের কোনো টানাপোড়েন নাকি জীবনের অন্য কোনো গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে তা নিয়ে নানা আলোচনা চলছে। প্রচার ঝলকটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া চোখে পড়ছে। অনেকের ধারণা তিনি প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে ব্যক্তিগত প্রসঙ্গ কিছুটা এড়িয়ে গেছেন। আবার অনেকের মতে জীবনের অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তের ইঙ্গিত দিলেও তা প্রকাশ্যে খোলাসা করতে চাননি তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন