আগস্ট ২, ২০২৬, ১১:০৫ পিএম
নড়াইলের লোহাগড়ায় স্বামীর হাতুড়ির আঘাতে গুরুতর আহত এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত স্বামী লোহাগড়া থানায় গিয়ে নিজে আত্মসমর্পণ করেছেন।রোববার দুপুরে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা চরপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পরিবারের অভিযোগ, অভিযুক্ত স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং বিভিন্ন সময়ে গৃহবধূকে মারধর করতেন। ঘটনার দিন টাকা দাবি করে না পেয়ে ঘরের দরজা বন্ধ করে হাতুড়ি দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়।
নিহতের আট বছরের শিশুর ভাষ্যমতে, তাঁর বাবা প্রায়ই মাকে নির্যাতন করতেন। অভিযুক্ত স্বামী থানায় গিয়ে পরকীয়ার সন্দেহের কথা বললেও স্থানীয়রা তা অস্বীকার করেছেন।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, অভিযুক্ত স্বামী থানায় আত্মসমর্পণ করেছেন এবং তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন