মে ৭, ২০২৬, ১১:২৮ পিএম
নড়াইলে এক প্রসূতি মা একসঙ্গে ৭টি সন্তান প্রসব করেছেন। চিকিৎসকদের পরীক্ষায় আগে ৬টি সন্তানের কথা জানা গেলেও তিনি স্বাভাবিকভাবে ৭টি সন্তান প্রসব করেন। এর মধ্যে ৩টি কন্যাশিশু ও ৪টি পুত্রশিশু ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই জন্ম হওয়ায় চিকিৎসকদের শত চেষ্টার পরও কোনো শিশুকেই বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনাটি ঘটেছে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের কালুখালী গ্রামে। প্রসূতি সালমা বেগম ওই গ্রামের মহসিন মোল্যার স্ত্রী। তিনি বর্তমানে অসুস্থ অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টার দিকে কালুখালী গ্রামের পারিবারিক কবরস্থানে ৬টি শিশুকে দাফন করা হয়েছে। এর আগে একটি শিশুকে যশোরের একটি কবরস্থানে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, মহসিন মোল্যা ও সালমা বেগমের বিয়ের ১০ বছর পার হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর সালমা বেগম গর্ভধারণ করলে পরিবারে খুশির জোয়ার নামে। আল্ট্রাসনোগ্রাফিতে ৬টি সন্তানের কথা জানা গিয়েছিল, কিন্তু প্রসবের সময় ৭টি সন্তান ভূমিষ্ঠ হয়। গত সোমবার সালমা বেগমের হঠাৎ প্রসববেদনা শুরু হলে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ধাপে ধাপে শিশুগুলোর জন্ম হয়।
মহসিন মোল্যার বাবা লতিফ মোল্যা জানান, মঙ্গলবার রাতে প্রথম ও দ্বিতীয় শিশুটির জন্ম হয় এবং জন্মের কিছুক্ষণ পরেই তারা মারা যায়। পরবর্তীতে বুধবার রাতে একে একে আরও ৫টি সন্তান প্রসব করেন সালমা বেগম। নির্ধারিত সময়ের অনেক আগে (মাত্র ৫-৬ মাস) জন্ম হওয়ায় তাদের শারীরিক গঠন পূর্ণাঙ্গ ছিল না, ফলে কাউকেই বাঁচানো যায়নি।লতিফ মোল্যা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “নিজ হাতে এতগুলো নাতি-নাতনিকে দাফন করার কষ্ট ভাষায় প্রকাশ করা যাবে না। আল্লাহ আমাদের নিরাশ করলেন। আমার পুত্রবধূ এখনো হাসপাতালে ভর্তি, সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন।”
প্রতিবেশী ও স্থানীয়দের মতে, একসঙ্গে ৭টি সন্তান জন্ম নেওয়ার এমন চাঞ্চল্যকর ঘটনা তারা আগে কখনও শোনেননি। তবে নির্ধারিত সময়ের আগেই প্রসব হয়ে যাওয়ায় এই আনন্দ বিষাদে পরিণত হয়েছে। বর্তমানে পুরো গ্রামে শোকের ছায়া বিরাজ করছে। চিকিৎসকরা জানিয়েছেন, মায়ের শারীরিক অবস্থা উন্নতির দিকে থাকলেও তিনি মানসিক বড় ধাক্কার মধ্য দিয়ে যাচ্ছেন। মূলত প্রসবকালীন জটিলতা এবং সময়ের আগেই ভূমিষ্ঠ হওয়াই শিশুগুলোর মৃত্যুর প্রধান কারণ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন