জুলাই ৩১, ২০২৬, ০৭:২৭ পিএম
রাজধানীর আশুলিয়ায় একটি দোকানের সামনে থেকে পরিত্যক্ত ব্যাগ তল্লাশি করে প্রেশার কুকার আকৃতির একটি বোমা উদ্ধার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অত্যন্ত সতর্কতার সঙ্গে বোমাটি নিষ্ক্রিয় করেন। এই ঘটনায় এলাকজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এ ঘটনায় আশুলিয়া থানায় বিস্ফোরক দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত এগারোটার দিকে আশুলিয়ার খেজুর বাগান এলাকার একটি চায়ের দোকানের সামনে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ দেখতে পান স্থানীয়রা। দীর্ঘ সময় ব্যাগটি অরক্ষিত অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ বাড়ে। পরে ব্যাগ খুলে ভেতরে প্রেশার কুকার সদৃশ বিস্ফোরক বস্তু দেখতে পেয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা সঙ্গে সঙ্গে পুলিশকে বিষয়টি অবহিত করেন।
খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি বিশেষজ্ঞ দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এরপর শুক্রবার ভোরবেলা পাশের একটি খোলা মাঠে মাটি খুঁড়ে গর্ত তৈরি করা হয় এবং চারপাশে বালুর বস্তা চাপা দিয়ে বিশেষ প্রক্রিয়ায় বোমাটির নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ জানিয়েছে, অত্যন্ত ঝুঁকিপূর্ণ বস্তুটিকে সম্পূর্ণ নিরাপদে নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কীভাবে বিস্ফোরকটি সেখানে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের বিভিন্ন টিম মাঠে কাজ করছে।
উল্লেখ্য, এর আগে গত ২৪ জুলাই রাতে রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আরেকটি পাইপ বোমা উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনার পর ছাতার ভেতরে বিস্ফোরক লুকানোর চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছিল। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রাজধানী ও এর আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন