নভেম্বর ১, ২০২৬, ০৪:১০ পিএম
দেশের তরুণদের স্বাবলম্বী উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে জামানত ছাড়াই সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক। `উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি—উদ্যোগ`-এর আওতায় রোববার (১ নভেম্বর) থেকে দ্বিতীয় পর্যায়ে দেশের অবশিষ্ট ৫৬টি জেলার সব উপজেলা থেকে তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন নেওয়া শুরু হয়েছে।
কর্মসূচির আওতায় বাছাইকৃত প্রত্যেক উদ্যোক্তাকে এককালীন সর্বোচ্চ ২০ লাখ টাকা দেওয়া হবে।
এই আর্থিক সুবিধার কাঠামোটি বিশেষভাবে সাজানো হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ হিসেবে দেওয়া হবে এবং ঋণের সমপরিমাণ অর্থ অর্থাৎ সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উদ্যোক্তারা পাবেন সম্পূর্ণ এককালীন অনুদান হিসেবে। ঋণ ও অনুদানের এই অর্থ যোগ্য উদ্যোক্তার অনুকূলে একইসঙ্গে ছাড় করা হবে।
মূলত প্রান্তিক ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণ প্রতিভাদের খুঁজে বের করে আর্থিক সহযোগিতা প্রদানের লক্ষ্যেই এই বিশেষ কর্মসূচি গ্রহণ করে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গত ১৩ সেপ্টেম্বর এই `উদ্যোগ` প্রকল্প সংক্রান্ত বিস্তারিত নীতিমালা জারি করেছিল বাংলাদেশ ব্যাংক।
প্রথম পর্যায়ের কার্যক্রমে তরুণদের মধ্যে ব্যাপক সাড়া মিলেছে।
প্রাথমিক ধাপে দেশের আটটি জেলার মোট ৬৪টি উপজেলা থেকে ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়ে। এই জেলাগুলো হলো মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা। বর্তমানে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এসব আবেদন যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
সেই ধারাবাহিকতায় এবার অবশিষ্ট ৫৬টি জেলার তরুণ উদ্যোক্তাদের অন্তর্ভুক্ত করার কার্যক্রম শুরু হলো।
আগ্রহী উদ্যোক্তারা রোববার থেকে শুরু করে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নির্ধারিত আবেদন ফরম পূরণ করে জমা দিতে পারবেন। নিজ নিজ উপজেলায় অবস্থিত যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় এই আবেদনপত্র সরাসরি জমা দেওয়া যাবে। এ সংক্রান্ত আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন