রবিবার, ০১ নভেম্বর, ২০২৬,
কূটনৈতিক সৌজন্য সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার

জাতীয় ডেস্ক

নভেম্বর ১, ২০২৬, ০৩:৪৮ পিএম

স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। রোববার (১ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

তানজানিয়ায় অনুষ্ঠিত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম সম্মেলনে এক্সিকিউটিভ কমিটির সদস্য হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে পাকিস্তান সরকার সমর্থন দেওয়ায় দেশটির সরকারকে ধন্যবাদ জানান স্পিকার।

সাক্ষাৎকালে উভয় পক্ষ দু‍‍`দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

পাকিস্তানের আইনসভা মজলিস-ই-শূরায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত প্রশিক্ষণ প্রদানের বিষয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ অধিবেশন পর্যবেক্ষণের জন্য পাকিস্তানের হাইকমিশনারকে আমন্ত্রণ জানান স্পিকার।

পাকিস্তানের স্পিকারের আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে।

বৈঠকে পাকিস্তান হাইকমিশনের সংশ্লিষ্ট কূটনৈতিক প্রতিনিধিরা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।