অক্টোবর ২৯, ২০২৬, ০১:২০ পিএম
দিনাজপুরের সীমান্তবর্তী হিলি রেলওয়ে স্টেশনে স্বাধীনতার পর প্রথমবারের মতো ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি বা স্টপেজের আনুষ্ঠানিক অনুমতি মেলায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হওয়ায় উচ্ছ্বসিত সীমান্তবাসী।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হিলি রেলওয়ে স্টেশন চত্বর থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি হিলি স্থলবন্দর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় গোডাউন মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পার হলেও হিলি রেলওয়ে স্টেশনে রাজধানী ঢাকাগামী কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ছিল না। সম্প্রতি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ নীলসাগর এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস নামের দুটি গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন দিয়েছে, যা হিলিবাসীর জন্য অত্যন্ত আনন্দের ও স্বস্তির। এর ফলে দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দর এলাকার ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও একধাপ এগিয়ে যাবে এবং রাজধানীগামী যাত্রীদের দীর্ঘ ভোগান্তির অবসান ঘটবে।
এ সময় হিলিবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, রেলমন্ত্রী শেখ রবিউল ইসলাম এবং দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন