বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬,

নবাবগঞ্জে প্রতিবন্ধী সনদে চিকিৎসকের জাল স্বাক্ষর নিয়ে তুলকালাম

অলিউর রহমান মিরাজ

অক্টোবর ২৯, ২০২৬, ১২:৩৯ পিএম

নবাবগঞ্জে প্রতিবন্ধী সনদে চিকিৎসকের জাল স্বাক্ষর নিয়ে তুলকালাম

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের নবাবগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সুবিধা নিশ্চিতের আবেদন ফরমে চিকিৎসকের জাল স্বাক্ষর ব্যবহারের মতো গুরুতর অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই চাঞ্চল্যকর বিষয়টি প্রকাশ্যে আসে।

সরকারি সেবায় সক্রিয় একটি অসাধু চক্র।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী অভিযোগটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন। তিনি জানান, বিশেষ সুবিধাভোগী প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত সরকারি আবেদনপত্রের সাথে চিকিৎসকের যে প্রত্যয়ন ও স্বাক্ষর প্রয়োজন হয়, সেখানে একটি সুসংগঠিত চক্র চিকিৎসকের জাল স্বাক্ষর বসিয়ে তা জমা দিচ্ছে। এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সরাসরি অবহিত করে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন।

সরকারি সেবা প্রদান কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের ক্ষেত্রে এ ধরনের অপরাধমূলক তৎপরতা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। প্রকৃত সুবিধাভোগী প্রতিবন্ধীরা যাতে কোনো প্রকার মধ্যস্বত্বভোগী বা জালিয়াত চক্রের মাধ্যমে আর্থিক ও প্রশাসনিক হয়রানির শিকার না হন, সভায় সে বিষয়েও জোর দাবি তোলা হয়।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, সাধারণ অপরাধ নিয়ন্ত্রণসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সংকট নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। মাদকবিরোধী অভিযান ও অপরাধ প্রতিরোধে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

মাসিক এই সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জসিম উদ্দিন এবং নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ।

সভায় উপজেলার সার্বিক নিরাপত্তার পাশাপাশি সব ধরনের সরকারি কার্যক্রমে অনিয়ম দূর করা ও সাধারণ মানুষের সুনির্দিষ্ট অভিযোগগুলো কঠোর গুরুত্বের সঙ্গে বিবেচনার সিদ্ধান্ত গৃহীত হয়।