অক্টোবর ২৯, ২০২৬, ০১:০২ পিএম
জাতীয় সংসদ নির্বাচনের মতোই সর্বোচ্চ গুরুত্ব ও সতর্কতা দিয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন পরিচালনা করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরুদ্দিন।
নির্বাচন ভবনে বসে ভোট পর্যবেক্ষণ করছেন কমিশনাররা।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে স্থাপিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। সিইসি উল্লেখ করেন, বর্তমান কমিশন শতভাগ স্বচ্ছতায় বিশ্বাসী। জাতীয় সাধারণ নির্বাচনের মতোই এ উপনির্বাচনে পুলিশ, বেসামরিক প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) সংশ্লিষ্ট সব নিরাপত্তা বাহিনী ও সংস্থাকে মাঠে দায়িত্বে নামানো হয়েছে। রাজধানীর মনিটরিং সেল থেকে পুরো নির্বাচনী কার্যক্রম সার্বক্ষণিক কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
নির্বাচনে অংশগ্রহণকারী ১১ দলীয় জোটের তোলা বিভিন্ন অভিযোগের প্রসঙ্গে সিইসি জানান, জোটের পক্ষ থেকে যেসব আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়েছিল, সেগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনসহ যেকোনো অভিযোগ আসার সঙ্গে সঙ্গেই কমিশন দ্রুত কার্যকর ব্যবস্থা নিচ্ছে।
রাজনৈতিক সংঘাতের প্রবণতা বন্ধের আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অতীতের তিক্ত সংঘাত ও নিন্দনীয় সংস্কৃতি পরিহার করে দেশবাসী একটি আনন্দমুখর ও উৎসবপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নতুন নির্বাচনি ধারা দেখতে চায়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন