বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬,
সংসদীয় উপনির্বাচন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৯, ২০২৬, ০৯:৫২ এএম

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) সংসদীয় আসনের উপনির্বাচনে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোনো বিরতি ছাড়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। কড়া নিরাপত্তায় ভোট শুরু হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট ঘিরে কোনো ধরনের উদ্বেগের কারণ নেই। প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে পুরো নির্বাচনী এলাকার পরিবেশ মিনিটে মিনিটে পর্যবেক্ষণ করা হচ্ছে।

নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন, হাফেজ ডা. খাদেমুল ইসলাম, আবদুল আলীম নিজামী এবং হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। তবে ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করে নেন জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ। বুধবার ভোটের ঠিক আগের দিন দুই প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ সংবাদ সম্মেলন ডেকে পরস্পরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তোলে।

আসনটিতে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৮৫৩। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন চারজন। এ ছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন, যাদের মধ্যে পুরুষ ২৪৯ ও নারী ৩৮ জন।

গত ২০ আগস্ট ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে ২৫৫ ভোটে পরাজিত করে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর সংসদ সদস্য পদ ছেড়ে দিলে ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়।