অক্টোবর ২৯, ২০২৬, ১১:০২ এএম
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির প্রেক্ষাপটেও তেহরান নিজেদের পূর্বনির্ধারিত শর্ত থেকে একচুলও সরে আসবে না বলে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি।
শর্ত পূরণ ছাড়া কোনো সমঝোতায় যাবে না তেহরান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাইর সাথে উচ্চপর্যায়ের এক বৈঠকে বসেন খামেনি। সেখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে বর্তমান সংঘাত বন্ধ করতে হলে ইরানের ন্যায্য শর্তগুলো পূরণ করতে হবে। একই সঙ্গে তিনি যুদ্ধও নয় আবার শান্তিও নয়—এমন দীর্ঘস্থায়ী অনিশ্চিত পরিস্থিতির অবসান ঘটানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
বৈঠকে খামেনি সাধারণ ইরানি জনগণের সুরক্ষা এবং তেহরানের অনুসারী আঞ্চলিক মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বয়ে গঠিত প্রতিরোধ অক্ষের অধিকার ও স্বার্থ যেকোনো মূল্যে নিশ্চিত করার আহ্বান জানান।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, দুই নেতার মধ্যকার এই আলোচনায় জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে কৌশলগত হরমুজ প্রণালির ওপর তেহরানের সার্বিক নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপরও জোর দেওয়া হয়।
সর্বোচ্চ নেতার এই অবস্থানকে দেশের ভবিষ্যৎ কৌশলের মূল দিকনির্দেশনা হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার প্রেস টিভিকে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, খামেনির বক্তব্যে অত্যন্ত সুদূরপ্রসারী বার্তা রয়েছে এবং এর মাধ্যমে ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান স্পষ্ট হয়েছে।
পেজেশকিয়ান আরও উল্লেখ করেন, সর্বোচ্চ নেতার নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নে তাঁর নেতৃত্বাধীন সরকার সর্বশক্তি নিয়োগ করবে। একই সাথে পরিবর্তিত বৈশ্বিক ও আঞ্চলিক বাস্তবতার আলোকে যেকোনো পদক্ষেপ নিতে রাষ্ট্রীয় নিরাপত্তা ও প্রশাসনিক সংস্থাগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন