বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬,
প্রধানমন্ত্রীর জাপান সফর

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

অক্টোবর ২৯, ২০২৬, ১১:৫৩ এএম

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

জাপানে সরকারি সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়া শহরে অবস্থিত অটোমোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান টয়োটার বিখ্যাত মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে তিনি সেখানে পৌঁছান।

পরিদর্শনে গিয়ে তিনি সর্বাধুনিক গাড়ি সংযোজন প্রক্রিয়া প্রত্যক্ষ করেন।

কারখানা চত্বরে পৌঁছালে টয়োটা মোটর করপোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসাহিকো মোয়েদা, টয়োটা সুশো করপোরেশনের মোবিলিটি বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা শিগেরু হারাদা এবং প্রতিষ্ঠানটির প্রধান পরিচালনা কর্মকর্তা শিনিচিরো ওতসুকা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় প্রতিষ্ঠানটির প্রকৌশলী ও শীর্ষ কর্মকর্তাদের সাথে তিনি বিশ্বমানের মোটরযান উৎপাদন ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এ ছাড়া প্রতিনিধিদলে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী।