অক্টোবর ২০, ২০২৬, ১০:৫৫ এএম
হিলির পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার পৌঁছে দিয়েছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাতটায় হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীর নেতৃত্বে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার আলীহাট ইউনিয়নসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকার পূজামণ্ডপ প্রদক্ষিণ করে।
পরিদর্শন শেষে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষ থেকে সংশ্লিষ্ট পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতাদের হাতে শারদীয় শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
এ সময় বিভিন্ন পর্যায়ের দলীয় ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন আলীহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বুলবুল মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম এবং আলীহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমরান হোসেন।
এ ছাড়া যুবদলের সাধারণ সম্পাদক স্বপ্ন ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাদ্দাম হোসেন ও ছাত্রদলের সভাপতি মেজবাউল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপহার বিতরণ কার্যক্রমে অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন