অক্টোবর ২০, ২০২৬, ১০:১৩ এএম
দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে স্বর্ণের দাম। সর্বশেষ মূল্য সমন্বয়ে দর কমানোর পর নতুন কোনো সিদ্ধান্ত না আসায় মঙ্গলবার আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে অলংকার তৈরির এই মূল্যবান ধাতু। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে বাজারে ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা।
১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকায়। গত ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে সারাদেশে এই বিক্রয়মূল্য কার্যকর হয়।
এর আগে গত ৯ অক্টোবর স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছিল বাজুস। ওই সমন্বয়ের পর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছিল ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকায়।
স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে কমানো হয়েছে রুপার দামও।
নতুন দর অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ১৯৯ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬২৪ টাকা।
গহনা বিক্রির ক্ষেত্রে সুনির্দিষ্ট ব্যবসায়িক নির্দেশনা দিয়েছে জুয়েলার্স মালিকদের এই সংগঠন। বাজুসের নির্দেশনা অনুযায়ী, স্বর্ণ ও রুপার অলংকার তৈরির মজুরি নকশাভেদে নির্ধারিত হবে। গহনা বিক্রির সময় ঘোষিত মূল্যের সঙ্গেই প্রযোজ্য ভ্যাট যুক্ত থাকবে; ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না।
এ ছাড়া অলংকার পরিবর্তনের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরনো গহনা ক্রয়ের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। অলংকার ও পুরনো স্বর্ণ কেনার ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না বলেও জানিয়েছে বাজুস।
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যতালিকা কার্যকর থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন