মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,
মহাসড়কে রক্তক্ষয়ী দুর্ঘটনা

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪: আহত ৩০ জন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২০, ২০২৬, ০৯:৪৬ এএম

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪: আহত ৩০ জন

ছবি: সংগৃহীত

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের আরও অন্তত ৩০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নাটোর-পাবনা মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় সরকারপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৯ জন যাত্রী প্রাণ হারান।

দুর্ঘটনার খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ এবং নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় উদ্ধারকৃতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজনের মৃত্যু হয়। এতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।

ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ ও বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আলমগীর হোসেন জানান, উদ্ধার করা ৯ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আহত অন্তত ৩০ জনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, নাটোর আধুনিক সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাতে পুলিশ জানিয়েছে, আহতদের অনেকের শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও পুলিশ তাদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।