মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

টানা ৫ দিন ব্যাংক লেনদেন বন্ধের সিদ্ধান্ত

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২০, ২০২৬, ১০:০৮ এএম

টানা ৫ দিন ব্যাংক লেনদেন বন্ধের সিদ্ধান্ত

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আজ মঙ্গলবার থেকে টানা পাঁচ দিন ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের নিয়মিত সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট ছুটির মেয়াদ দাঁড়িয়েছে পাঁচ দিনে। আগামী ২৫ অক্টোবর রবিবার থেকে পুনরায় স্বাভাবিক ব্যাংকিং লেনদেন শুরু হবে।

ব্যাংকগুলোর সাধারণ শাখা বন্ধ থাকলেও গ্রাহকদের জরুরি লেনদেনের সুবিধার্থে এটিএম বুথ সার্বক্ষণিক চালু রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকিং কার্যক্রম স্থগিত থাকায় দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) টানা পাঁচ দিন কোনো লেনদেন হবে না।

দেশের বৈদেশিক বাণিজ্য সচল রাখার স্বার্থে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংকিং শাখা এবং বুথগুলোতে সীমিত পরিসরে বিশেষ সেবা চালু থাকবে। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসন এবং বন্দর ও শুল্ক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পর্যাপ্ত জনবল নিয়োগ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে দুর্গাপূজার ছুটির সমন্বয় করতে গত শনিবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিনেও সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছিল। সেদিন সাধারণ কর্মদিবসের মতো পূর্ণ দিবস লেনদেন পরিচালিত হয়।