অক্টোবর ১৯, ২০২৬, ০৯:১২ পিএম
রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসি ও রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে ব্যাংক দুটির প্রধান কার্যালয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে এ সংক্রান্ত পৃথক নির্দেশনাপত্র পাঠানো হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা ওই চিঠিগুলোতে শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামের সঙ্গে পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকার সুপারিশ ও প্রয়োজনীয় সম্মতি জ্ঞাপন করেছে।
এমতাবস্থায় ব্যাংক কোম্পানি আইন ও সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের শর্তানুযায়ী মো. মজিবর রহমান ও কাজী মো. ওয়াহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে অবিলম্বে পরবর্তী বিধিগত কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন