অক্টোবর ১৯, ২০২৬, ০৯:০২ পিএম
সংবিধানে ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য না করা এবং প্রতিটি মানুষের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের সুস্পষ্ট বিধান রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, "আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে। সংবিধানে যা আছে আমরা তা বাস্তবায়ন করেছি এবং ভবিষ্যতেও করব।"
সোমবার (১৯ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের সুনির্দিষ্ট ধারাগুলো তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, "সংবিধানের ২৮ নম্বর অনুচ্ছেদে বলা আছে—ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করা যাবে না। আমরা সেটা বাস্তবায়ন করেছি এবং করব। এছাড়া ৪১ নম্বর অনুচ্ছেদে প্রতিটি নাগরিকের ধর্মীয় আচার-অনুষ্ঠান, উপাসনালয় ও ধর্ম প্রচারের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। আমরা কথায় নয়, কাজে বিশ্বাস করি।"
ধর্ম ও রাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের সুনির্দিষ্ট ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, "হাসিনার সময় বলা হতো ‘ধর্ম যার যার, উৎসব সবার’। কিন্তু আমরা বলি—ধর্ম যার যার, রাষ্ট্র সবার এবং রাষ্ট্রীয় নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।"
প্রতিটি ধর্মের নিজস্ব গভীর বিশ্বাস ও আচার-অনুষ্ঠান সেই ধর্মের মানুষের অন্তরের অনুভূতির বিষয় বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তিনি উল্লেখ করেন, অন্য ধর্মের মানুষ যেন একে অপরের ধর্মীয় বিশ্বাসের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রাখে, সেটাই সমাজের প্রত্যাশা।
দুর্গাপূজার সরকারি ছুটির প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী এবার সর্বোচ্চ ছুটির ব্যবস্থা নিশ্চিত করেছেন।
আগামী দিনগুলোতেও যাতে এই বর্ধিত ছুটির ধারাবাহিকতা বজায় থাকে, সনাতন ধর্মাবলম্বীদের সেই ন্যায়সঙ্গত দাবি সময়মতো যথাযথভাবে পূরণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। এর পাশাপাশি পূজাকে কেন্দ্র করে সরকারি আর্থিক অনুদান ও উন্নয়ন বরাদ্দ ধারাবাহিকভাবে আরও বৃদ্ধি করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
কেবল সনাতন ধর্মাবলম্বী নয়, দেশের প্রতিটি সম্প্রদায়ের নাগরিক অধিকার ও ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের সাংবিধানিক দায়িত্ব বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জোর দিয়ে বলেন, ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা অন্তরে ধারণ করে সব ধরনের বৈষম্যহীন এবং অসাম্প্রদায়িক সম্প্রীতির এক নতুন বাংলাদেশ গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন