অক্টোবর ১৫, ২০২৬, ১০:৫৭ পিএম
দেশের বিমানবন্দরগুলোর সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়ন ও উন্নয়নে কার্যকর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে আট সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে।
মন্ত্রিপরিষদ বিভাগ গত ১৩ অক্টোবর এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে কমিটিকে আগামী দুই মাসের মধ্যে সংশ্লিষ্ট বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় সুপারিশ জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, বিমানবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশের মহাপরিদর্শক। এ কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রিপরিষদ সচিব। কমিটির কার্যপরিধি বিষয়ে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে।
প্রয়োজনের তাগিদে কমিটি যেকোনো সময় নতুন কোনো কর্মকর্তাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটির মূল্যায়ন সভাগুলো প্রয়োজন অনুসারে আহ্বান করা হবে। কমিটির প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য সার্বিক সাচিবিক সহায়তা প্রদান করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন