শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬,

শুক্রবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৬, ১১:৫৭ পিএম

শুক্রবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

জরুরি রক্ষণাবেক্ষণ ও সঞ্চালন লাইনের কাজের জন্য শুক্রবার (১৬ অক্টোবর) রাজশাহী ও গাইবান্ধার নির্দিষ্ট কিছু এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহী ও গোবিন্দগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর মধ্যে রাজশাহীর বেশ কিছু এলাকায় টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর জানিয়েছে, ১১ কেভি বিতরণ লাইনের কাছাকাছি থাকা গাছপালা কাটার জন্য শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্থগিত থাকবে।

রাজশাহীর যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো—নর্দান মোড়, দেবিশিংপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়, ভদ্রা, উপরভদ্রা, সাগরপাড়া, বোষপাড়া, মাছুয়া পাড়া, খুলিপাড়া, শাহ মখদুম কলেজ, শেখেরচক, পঞ্চবটি ও সংলগ্ন এলাকাগুলো। অন্যদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ দপ্তরভুক্ত এলাকায় টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ স্থগিত থাকবে।

নেসকো গোবিন্দগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পলাশবাড়ী ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে আসা একমাত্র গোবিন্দগঞ্জ ৩৩ কেভি সোর্স ফিডারের নিকটবর্তী গাছের ডালপালা ছাঁটাই করা হবে। এ কারণে গোবিন্দগঞ্জ বিতরণ বিভাগের আওতাধীন এলাকায় শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ মিলবে না।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে সংযোগ চালু করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে। ভবিষ্যতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ।