অক্টোবর ১৫, ২০২৬, ১১:৫৯ পিএম
চিংড়ি খাতের বৈশ্বিক বাজার সুসংহত করতে গুণগত মান, উৎপাদনশীলতা, পরিবেশগত ভারসাম্য ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন। বৃহস্পতিবার রাজধানীর বনানীর শেরাটন ঢাকা হোটেলে আয়োজিত `বিল্ডিং আ রেজিলিয়েন্ট অ্যান্ড ইনক্লুসিভ শ্রিম্প সাপ্লাই চেইন` শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন।
চিংড়িকে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যগুলোর অন্যতম হিসেবে উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির ধারা ধরে রাখতে উন্নত চাষ পদ্ধতি, চিংড়ির স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক শ্রমমান কঠোরভাবে অনুসরণ করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও আন্তর্জাতিক চাহিদার সাথে সংগতি রেখে মৎস্য খাতকে এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় নীতিগত সহায়তা দিচ্ছে।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), মন্টেরে বে অ্যাকোয়ারিয়াম (এমবিএ) এবং বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) সদস্য প্রতিষ্ঠান টোটালফুড প্রসেসিং (প্রাইভেট) লিমিটেড যৌথভাবে এই সংলাপের আয়োজন করে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় টেকসই মৎস্যচাষের প্রসার, উৎপাদনমান উন্নয়ন, জলজ প্রতিবেশব্যবস্থার সুরক্ষা এবং সাধারণ চাষিদের সব ধরনের সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিদ্যমান চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে বেসরকারি খাত ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সাথে একযোগে কাজ চলছে।
পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ মোট ৪৪৩ মিলিয়ন মার্কিন ডলারের সামুদ্রিক খাদ্য বা সি ফুড রপ্তানি করেছে। এর মধ্যে এককভাবে চিংড়ি রপ্তানি থেকেই এসেছে ৩০৬ মিলিয়ন ডলার। এই আয় দেশের জন্য মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি পুরো উপকূলীয় জনপদের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করছে এবং লাখ লাখ চাষি ও শ্রমিকের রুটি-রুজির জোগান দিচ্ছে।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফদের বাংলাদেশ সফরের উদ্যোগকে স্বাগত জানান প্রতিমন্ত্রী। তিনি মনে করেন, এমন কার্যক্রমের মাধ্যমে দেশীয় উৎপাদনকারীরা আন্তর্জাতিক বাজারের বাস্তব রুচি ও চাহিদা সম্পর্কে সরাসরি জানতে পারবেন। এর ফলে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা বাড়বে এবং বিশ্ববাজারে বাংলাদেশের চিংড়ির প্রবেশাধিকার আরও সহজ হবে।
সংলাপে আরও বক্তব্য দেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের উন্নয়ন সহযোগিতা বিভাগের প্রধান মিশাল ক্রেয়জা। সমাপনী পর্বে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন