অক্টোবর ১৫, ২০২৬, ০৬:০৮ পিএম
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে ঠাকুরগাঁওয়ের সীমান্ত ও শহরাঞ্চলে সর্বোচ্চ সতর্কতামূলক প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উৎসব নির্বিঘ্ন করতে শহর ও প্রত্যন্ত গ্রামাঞ্চলের মণ্ডপগুলোতে টহল জোরদার রাখা হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও শহরের শান্তিনগর এলাকার ঐতিহাসিক শ্রী শ্রী শান্তিনগর মন্দির পরিদর্শন শেষে এ তথ্য জানান ঠাকুরগাঁও বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল সুরুজ মিয়া। মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
সেক্টর কমান্ডার বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সবাই যেন নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সীমান্ত থেকে শুরু করে অভ্যন্তরীণ জনপদ পর্যন্ত সমন্বিত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
যেকোনো ধরনের অপপ্রচার বা গুজবে কান না দেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি। কোথাও কোনো অস্বাভাবিক বা সন্দেহজনক পরিস্থিতি চোখে পড়লে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পরামর্শ দিয়ে তিনি হুঁশিয়ারি দেন, কোনো কুচক্রী মহল বিশৃঙ্খলা বা অপরাধের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উত্তরাঞ্চলের সামগ্রিক নিরাপত্তা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, দুর্গাপূজা ঘিরে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার সংশ্লিষ্ট সব অংশীজন ও প্রশাসন সমন্বিতভাবে নিজ নিজ অবস্থান থেকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন