অক্টোবর ১৩, ২০২৬, ০৮:৪১ পিএম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রেরিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই নিন্দাজ্ঞাপন করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়, নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে এমন একটি চক্রের সদস্যরা এই অনাকাঙ্ক্ষিত হয়রানির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়, যুক্তরাষ্ট্রে সংঘটিত এই অপতৎপরতায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে সেখানে অবস্থিত বাংলাদেশ মিশনকে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনায় সম্পৃক্ত ব্যক্তিদের প্রকৃত পরিচয় নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিদেশের মাটিতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্টদের শনাক্ত করে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া এখন সবচেয়ে জরুরি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন