অক্টোবর ১৩, ২০২৬, ০১:৫৬ পিএম
সৌদি আরবের যেকোনো বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে সব এয়ারলাইন্সকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট সব এয়ারলাইন্সকে এই সতর্কতাসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ফ্লাইট পরিচালন কার্যক্রমে উল্লেখযোগ্য বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এই প্রেক্ষাপটে সৌদি আরবে সরাসরি এবং ট্রানজিট ফ্লাইট পরিচালনা করা সব এয়ারলাইন্সকে অবিলম্বে এসব নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ফ্লাইটের বিলম্ব, বাতিল বা সময়সূচি পরিবর্তনের যেকোনো তথ্য ক্ষতিগ্রস্ত যাত্রীদের তাৎক্ষণিকভাবে মোবাইল খুদে বার্তা, সরাসরি ফোনকল, ইমেইল, নিজস্ব ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব প্ল্যাটফর্মে জানাতে হবে। একই সাথে ফ্লাইটের সর্বশেষ অবস্থা, পরিবর্তিত যাত্রার সময়, নতুন বুকিং প্রক্রিয়া, টিকিটের অর্থ ফেরত ও অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা সম্পর্কে যাত্রীদের সম্পূর্ণ স্বচ্ছ ধারণা দিতে হবে।
কোনো যাত্রীকে অসহায় অবস্থায় ফেলে রাখা যাবে না।
ভিসার মেয়াদ বৃদ্ধি কিংবা অভিবাসন সংক্রান্ত যেকোনো জটিলতায় ক্ষতিগ্রস্ত যাত্রীদের সৌদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস এবং অন্যান্য উপযুক্ত সংস্থার সঙ্গে যোগাযোগে এয়ারলাইন্সগুলোকে পূর্ণ সহায়তা দিতে হবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থানরত অথবা তথ্য না জানার কারণে বিমানবন্দরে উপস্থিত হওয়া যাত্রীদের সার্বিক সেবা নিশ্চিতের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। তাদের জন্য বসার আরামদায়ক ব্যবস্থা, নিরাপদ পানীয় জল, নাশতা ও খাবার সরবরাহ করতে হবে। বিশেষ করে প্রবীণ, শিশু ও প্রতিবন্ধীদের মতো ঝুঁকিপূর্ণ যাত্রীদের চাহিদায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
যেকোনো সংকট মোকাবিলা ও দ্রুত সমন্বয়ের জন্য প্রতিটি এয়ারলাইন্সকে অবিলম্বে একজন দায়িত্বশীল কর্মকর্তা নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তার নাম, পদবি, মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা দ্রুত বিমানবন্দরের ফ্লাইট ব্যবস্থাপনা বিভাগকে পাঠাতে হবে। পুরো পরিস্থিতি চলাকালে তাকে সার্বক্ষণিক যোগাযোগের জন্য সক্রিয় থাকতে হবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, প্রত্যেক যাত্রীর সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করতে হবে এবং সঠিক তথ্য দিয়ে প্রতিটি ধাপে তাদের সহায়তা করতে হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন