বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬,
মাদকবিরোধী অভিযান

হিলিতে বিদেশি মদসহ ভারতীয় নাগরিক আটক

কুদ্দুস আলী খান

অক্টোবর ১৫, ২০২৬, ০৬:৪১ পিএম

হিলিতে বিদেশি মদসহ ভারতীয় নাগরিক আটক

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের হিলিতে চার বোতল বিদেশি মদসহ অজিত কুমার ঘোষ (৪২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আটকের বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশাহ আলম। আটক অজিত কুমার ঘোষ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার মাদারগঞ্জ গ্রামের মৃত গিরেন্দ্র নাথ ঘোষের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা দিয়ে মাদক এনে বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা-পুলিশের একটি বিশেষ দল হিলির গনেশবাবুর চাতাল এলাকায় অভিযান চালায়। সেখানে সন্দেহভাজন হিসেবে ঘোরাঘুরির সময় পুলিশ সদস্যরা অজিত কুমার ঘোষকে আটক করেন।

পরে তার কাঁধে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে চারটি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়। এ সময় বাংলাদেশে অনুপ্রবেশ কিংবা এসব পণ্য বহনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশাহ আলম জানান, অবৈধভাবে বিদেশি মদ বহন ও রাখার অপরাধে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।