অক্টোবর ১৫, ২০২৬, ০৬:১৪ পিএম
ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত বহুজাতিক নিরাপত্তা মিশনে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের একটি অগ্রবর্তী দল। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পাঁচটি পৃথক কন্টিনজেন্টের এই সেনাসদস্যরা হাইতির উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ত্যাগ করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তারা জাতিসংঘ অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে (জিএসএফ) কার্যকর দায়িত্ব পালন করবেন।
মিশনে যাত্রার আগে সকালে সেনাসদরে গমনকারী দলের সদস্যদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।
এ সময় তিনি বিদেশি প্রতিকূল ভূখণ্ডে শান্তি মিশনে দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব, সামরিক শৃঙ্খলা, ধারাবাহিক সতর্কতা ও নিজস্ব নিরাপত্তা বজায় রাখার বিষয়ে সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
আন্তর্জাতিক অঙ্গনে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অব্যাহত গৌরবোজ্জ্বল অবদান এবং বৈশ্বিক শান্তির প্রতি অটল অঙ্গীকারের অংশ হিসেবে এই সেনা মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন