সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৪:৫৩ পিএম
পাহাড়ি জনপদে চলাচলের কোনো পাকা রাস্তা নেই, নেই কোনো ধরনের মোটরচালিত যানবাহন। দৈনন্দিন প্রয়োজনে উঁচু-নিচু পিচ্ছিল পাহাড়ি পথ হেঁটে স্থানীয়দের নিজ বাড়িতে পৌঁছাতেই দুই থেকে তিন ঘণ্টা সময় লেগে যায়। এমন প্রতিকূল পরিবেশে পরিবারের কেউ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে পৌঁছানো তাদের জন্য জীবন-মৃত্যুর এক কঠিন লড়াইয়ে রূপ নেয়। অনেক সময় সংকটাপন্ন রোগীদের কাঁধে বা ঝুলিয়ে নিয়ে ১০ থেকে ১৫ কিলোমিটার দূরের মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে যেতে হয়।
দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা থেকে বিচ্ছিন্ন থাকা এই সীমান্ত জনপদের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ির মহালছড়ি সেনা জোনের উদ্যোগে জোনের আওতাধীন দুর্গম দেবতাপুকুর এলাকার থলিপাড়া ও ছাতিপাড়ার বাসিন্দাদের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও জীবনরক্ষাকারী ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত এই ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্পের কার্যক্রম বিরতিহীনভাবে পরিচালিত হয়।
দিনব্যাপী এই চিকিৎসা কার্যক্রমে পাহাড়ি অঞ্চলের তিন শতাধিক নারী, পুরুষ ও শিশু সরাসরি অংশগ্রহণ করে চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসকেরা প্রতিটি রোগীর শারীরিক পরীক্ষা সম্পন্ন করেন, ব্যক্তিগত স্বাস্থ্যপরামর্শ প্রদান করেন এবং ব্যবস্থাপত্র অনুযায়ী সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। আগে কখনো এই জনপদে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক চিকিৎসাসেবা পৌঁছায়নি বলে জানান মহালছড়ি জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. বোরহান উদ্দিন।
তিনি উল্লেখ করেন, স্বাধীনতা পরবর্তী দীর্ঘ সময়েও এই দুর্গম অঞ্চলে কোনো স্থায়ী চিকিৎসাসেবা তো দূরের কথা, কোনো অস্থায়ী মেডিকেল ক্যাম্পও পরিচালিত হয়নি। মহালছড়ি সেনা জোনের নজরে বিষয়টি আসার পরপরই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দুর্ভোগ লাঘবে দ্রুত এই বিশেষ ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়। তিনি জানান, তিন শতাধিক অসহায় রোগীকে চিকিৎসাসেবা দিতে পেরে সেনাবাহিনী গর্বিত এবং পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ অত্যন্ত উৎসাহ ও স্বতঃস্ফূর্ততার সাথে এই সেবা গ্রহণ করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়ক ও যোগাযোগের ন্যূনতম অবকাঠামো না থাকায় রোগাক্রান্ত হলেও হাসপাতালে যাওয়া তাদের পক্ষে সম্ভব হতো না। জরুরি পরিস্থিতিতে রোগীকে কাঁধে করে দীর্ঘ পাহাড়ি পথ পাড়ি দেওয়ার যে অবর্ণনীয় যন্ত্রণা ছিল, ঘরের কাছে এই চিকিৎসাসেবা পাওয়ার মাধ্যমে তাদের সেই কষ্টের কিছুটা হলেও উপশম হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন