অক্টোবর ১৫, ২০২৬, ০৭:৩৮ পিএম
বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন-ভাতার বিল সাবমিট করার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ২০ অক্টোবরের মধ্যে ২০২৬ সালের অক্টোবর মাসের এমপিও বিল অনলাইন প্রক্রিয়ায় সাবমিট করতে হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মাসিক বেতন-ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে ব্যাংক হিসাবে পাঠানোর জন্য প্রতিষ্ঠানের প্রধানদের নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের নির্ধারিত এমপিও-ইএফটি মডিউলে লগইন করে বিল দাখিল করতে হবে। অনলাইনে বিল প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানদের সর্বোচ্চ সতর্ক থাকার তাগিদ দিয়েছে অধিদপ্তর।
মাউশির বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। অসাবধানতা বা ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর টাকা ইএফটিতে না পৌঁছালে কিংবা কোনো ব্যক্তি অতিরিক্ত অর্থ পেলে তার সমুদয় ব্যক্তিগত দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।
ভুলবশত বা অসাবধানতাবশত কোনো শিক্ষক-কর্মচারী অতিরিক্ত অর্থ গ্রহণ করলে তা ট্রেজারি চালানের মাধ্যমে দ্রুততম সময়ে সরকারি কোষাগারে ফেরত জমা দিতে হবে।
একই সঙ্গে ওই চালানের মূল কপি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে দাপ্তরিকভাবে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। অধিদপ্তর দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নির্ধারিত তারিখের মধ্যে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন