শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬,

সব মাদ্রাসায় নতুন নির্দেশনা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২, ২০২৬, ০৭:৩৪ পিএম

সব মাদ্রাসায় নতুন নির্দেশনা

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে দেশের সব মাদ্রাসার জন্য সুনির্দিষ্ট জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন অঞ্চলের অ্যাথলেট, খেলোয়াড় এবং টিম লিডারদের আবাসন সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই নির্দেশনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়।

বোর্ডের চিঠিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) গত ২১ সেপ্টেম্বরের নির্দেশনার আলোকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের জন্য মাদ্রাসা বোর্ডের আওতাধীন মাদ্রাসাসমূহের অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠানপ্রধান, সভাপতি এবং পরিচালনা কমিটির সদস্যদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। মাউশির নির্দেশনা অনুযায়ী, ৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত জাতীয় পর্ব আগামী ৬ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত কুমিল্লা জেলায় অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ের এই বৃহৎ ক্রীড়াযজ্ঞে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত প্রতিযোগী ও দলনেতাদের সুবিধার্থে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানে পৃথক অঞ্চলভিত্তিক আবাসন বরাদ্দ করা হয়েছে এবং সে লক্ষ্যে সংশ্লিষ্ট আবাসন কমিটির দায়িত্বশীলদের সাথে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

ছাত্রী ও নারী টিম লিডারদের জন্য দুটি পৃথক বালিকা বিদ্যালয়ে নিরাপদ আবাসনের ব্যবস্থা নেওয়া হয়েছে। গোলাপ ও চাঁপা অঞ্চলের ছাত্রী এবং নারী দলনেতাদের থাকার ব্যবস্থা করা হয়েছে কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে, যেখানে সার্বিক সমন্বয়ের জন্য প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের মোবাইল নম্বর ০১৯১২-৩৫৮৪৬৬-এ যোগাযোগ করতে বলা হয়েছে। অন্যদিকে বকুল ও পদ্ম অঞ্চলের ছাত্রী এবং নারী টিম লিডারদের আবাসনের জন্য নির্ধারণ করা হয়েছে ফরিদা বিদ্যায়তন। সেখানে যোগাযোগের জন্য নির্ধারিত প্রধান শিক্ষকের মোবাইল নম্বর ০১৭৩৬-৫১৬২৮৭।

ছাত্র এবং পুরুষ টিম লিডারদের জন্য কুমিল্লা হাই স্কুলসহ নির্ধারিত কয়েকটি ভবনে আবাসনের জায়গা নির্দিষ্ট করা হয়েছে। বকুল, চাঁপা, গোলাপ ও পদ্ম অঞ্চলের ছাত্র এবং পুরুষ দলনেতাদের জন্য কুমিল্লা হাই স্কুলের ১ নম্বর ভবনে গোলাপ ও চাঁপা অঞ্চল এবং ২ নম্বর ভবনে বকুল ও পদ্ম অঞ্চলের আবাসন নির্ধারণ করা হয়েছে। এ সংক্রান্ত প্রয়োজনে কুমিল্লা হাই স্কুলের প্রধান শিক্ষকের মোবাইল নম্বর ০১৬৩২-৩৯৯৯৮৭ এবং শারীরিক শিক্ষকের মোবাইল নম্বর ০১৮১৮-৫৬৬৪২১-এ সরাসরি যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে।

আবাসন সংক্রান্ত সার্বিক সমন্বয়ের দায়িত্বে থাকা কমিটির আহ্বায়ক প্রফেসর আবু সালেহ মো. তারিক মাহমুদের সাথে ০১৭১৭-১০৪০১০ নম্বরে এবং যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলামের সাথে ০১৭১৪-৩০০৬১৩ নম্বরে যোগাযোগ করা যাবে। প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে প্রতিটি অঞ্চলের কন্টিনজেন্ট লিডারকে আগামী ৫ অক্টোবর বিকেল ৪টার মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের প্রধান সহকারী মোহাম্মদ রাসেদ মঞ্জুমদারের কাছে সশরীরে রিপোর্ট করতে বলা হয়েছে, যার যোগাযোগের নম্বর ০১৮১৯-৮৯৮৮৩৪। একই সঙ্গে কুমিল্লায় অবস্থানকালীন স্বাস্থ্যবিধি ও শৃঙ্খলা রক্ষায় প্রতিটি প্রতিযোগী ও টিম লিডারকে নিজ দায়িত্বে বিছানাপত্র, মশারি, খাবার থালা, পানির গ্লাস ও অন্যান্য প্রয়োজনীয় ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী সাথে আনার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।