বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬,

ধর্ম যার যার উৎসব সবার দিনাজপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে বিজিবি কমান্ডার

মো: মামুনুর রশিদ

অক্টোবর ১৫, ২০২৬, ০৬:৫২ পিএম

ধর্ম যার যার উৎসব সবার দিনাজপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে বিজিবি কমান্ডার

ছবি: দিনাজপুর টিভি

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে সীমান্ত ও সংলগ্ন জনপদে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে রংপুর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ৮৯৫টি পূজামণ্ডপে মোট ১৩৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকায় অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী নিমকালী মন্দির পরিদর্শনকালে এ তথ্য জানান বিজিবির রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার এবং দিনাজপুর সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

বিজিবির পরিকল্পনা অনুযায়ী, রংপুর রিজিয়নের আওতাধীন সীমান্তের আট কিলোমিটারের ভেতরের ৭৩১টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের ভেতরের ১৬৪টিসহ মোট ৮৯৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবে এই ১৩৫ প্লাটুন ফোর্স।

এর মধ্যে দিনাজপুর সেক্টরের আওতাধীন সীমান্তের আট কিলোমিটারের ভেতরের ১৬৯টি এবং ব্যাটালিয়ন সদরের তিন কিলোমিটারের মধ্যকার ৪১টিসহ মোট ২১০টি মণ্ডপের জন্য দায়িত্ব পালন করবে ৩১ প্লাটুন সদস্য।

একই সঙ্গে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) দায়িত্বপূর্ণ দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার ৯৯ কিলোমিটার সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ব্যাটালিয়ন সদরের দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে দিনাজপুর শহরের ২২টি, দিনাজপুর জেলার সীমান্ত এলাকার ২৩টি এবং ঠাকুরগাঁও জেলার সীমান্ত এলাকার ৪১টিসহ মোট ৮৬টি পূজামণ্ডপে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন রাখা হয়েছে।

আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মণ্ডপগুলোতে এই সার্বক্ষণিক নিরাপত্তা তৎপরতা অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করা সম্ভব। তিনি কোনো ধরনের গুজবে কান না দেওয়ার এবং যাচাই-বাছাই ছাড়া তথ্য না ছড়ানোর আহ্বান জানান।

সন্দেহজনক যেকোনো পরিস্থিতি নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করেন তিনি।

অনুষ্ঠানে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান, সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান, পূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব সরকার ও সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র দাস উপস্থিত ছিলেন।