বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬,
সংসদ ভবনে সৌরবিদ্যুৎ

সংসদ ভবনে সোলার প্যানেল বসাতে সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ কমিটির

জাতীয় ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৬, ০৪:৪৯ পিএম

সংসদ ভবনে সোলার প্যানেল বসাতে সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ কমিটির

জাতীয় সংসদ ভবন ও এর সংলগ্ন এলাকায় সোলার প্যানেল স্থাপনের ক্ষেত্রে মূল স্থাপত্যশৈলী অক্ষুণ্ণ রেখে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অথবা অন্য কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানের মাধ্যমে সম্ভাব্যতা যাচাইয়ের আনুষ্ঠানিক সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত ‍‍`বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটি‍‍`র প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত আসে। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

স্থপতি লুইস আই কানের মূল নকশা অবিকৃত রাখা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে সংসদ ভবন চত্বরের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্যের ওপর যাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়। পুরো সংসদ কমপ্লেক্সের মোট বিদ্যুতের প্রকৃত চাহিদা নিরূপণ, দৈনন্দিন বিদ্যুৎ ব্যবহার কমিয়ে আনা, সিস্টেম লস হ্রাস এবং সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর জন্য উপযুক্ত উন্মুক্ত স্থানের সম্ভাব্যতা যাচাই নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কমিটির নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, সোলার প্যানেল স্থাপনের উপযোগী সম্ভাব্য স্থানগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে একটি পূর্ণাঙ্গ মানচিত্র তৈরি করা হবে। একই সঙ্গে প্রস্তাবিত স্থানগুলোতে প্যানেল স্থাপনের রূপরেখা তুলে ধরতে একটি ত্রিমাত্রিক (থ্রিডি) অ্যানিমেশন প্রস্তুত করে পরবর্তী সভায় উপস্থাপন করতে বলা হয়েছে।

সমগ্র কার্যক্রম নিবিড়ভাবে তদারকির জন্য তিন সদস্যের একটি নতুন উপকমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্য আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ ও মারদিয়া মমতাজকে নিয়ে গঠিত এই উপকমিটি সার্বিক সম্ভাব্যতা সরেজমিনে পরীক্ষা ও প্রতিবেদন প্রস্তুতের দায়িত্ব পালন করবে। তাদের সঙ্গে কারিগরি কার্যক্রমে সম্পৃক্ত থাকবেন সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব (এএস), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) প্রতিনিধি, স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী স্থপতি এবং গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক ও নির্বাহী প্রকৌশলী।

সংসদ অধিবেশন চলাকালীন সময় ছাড়া অন্যান্য সময়ে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বা এসি বন্ধ রাখা হলে ভবনের কোনো ক্ষতি হতে পারে কি না, সে বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে এই উপকমিটির কাছে একটি বিস্তারিত প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে।

চলমান একটি প্রকল্পের বিষয়ে কমিটি স্পষ্ট দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত জানিয়েছে।

ইতোমধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) চূড়ান্ত করে সংসদ সদস্যদের জন্য নির্ধারিত এমপি হোস্টেলের ছাদে যে সোলার প্যানেল বসানোর কার্যক্রম চলছে, তার কোনো দায়ভার এই নতুন কমিটি গ্রহণ করবে না বলে সভার কার্যবিবরণীতে উল্লেখ করা হয়।

বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, সাইফুল আলম ও মারদিয়া মমতাজ।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, ডিপিডিসির ঊর্ধ্বতন প্রতিনিধি এবং গণপূর্ত অধিদপ্তর ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তারা।