অক্টোবর ১৫, ২০২৬, ০৭:৪২ পিএম
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদের ঐতিহাসিক ও সুরক্ষিত এই এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংসদ চত্বরের সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জরুরি অবকাঠামোগত সংস্কার দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের সুনির্দিষ্ট নির্দেশনা দেন তিনি।
প্রধানমন্ত্রী পায়ে হেঁটে সংসদ ভবনের চারপাশের বিস্তৃত মাঠ, বাগান ও বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি সংসদ ভবনসংলগ্ন এলাকার সামগ্রিক পরিবেশ, অবকাঠামোগত অবস্থা এবং চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে সংসদ প্লাজার প্রাকৃতিক পরিবেশ ও নান্দনিক সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে নিয়মিত পরিচর্যা এবং যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর জোর দেন সরকারপ্রধান। তিনি খোলা মাঠ ও বাগানের পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি সবুজায়ন কার্যক্রম জোরদার এবং বিদ্যমান গাছপালার সঠিক পরিচর্যায় কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
এ ছাড়া সংসদ প্লাজা ও এর আশপাশের যেসব স্থানে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি রয়েছে বা মেরামতের প্রয়োজন দেখা দিয়েছে, সেগুলো দ্রুত চিহ্নিত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। চিহ্নিত স্থানগুলোতে কালক্ষেপণ না করে দ্রুত মানসম্মত সংস্কারকাজ সম্পন্ন করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
লুই কানের কালজয়ী নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবনের মূল স্থাপত্যশৈলী ও নান্দনিক ভাবগাম্ভীর্য পুরোপুরি অক্ষুণ্ণ রেখে পুরো প্লাজা এবং এর সংলগ্ন এলাকাগুলোর নিয়মিত তদারকি ও টেকসই রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সার্বক্ষণিক সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন