অক্টোবর ১৫, ২০২৬, ০৯:০৪ পিএম
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের বিরলে শতাধিক নারী-পুরুষের মাঝে উপহার সামগ্রী হিসেবে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বিরল পৌরসভার শংকরপুর এলাকায় অবস্থিত দলীয় ও ব্যক্তিগত কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিজস্ব অর্থায়নে এই বস্ত্র বিতরণ করেন বিরল পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং আসন্ন বিরল পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো. নুরজামাল হোসেন সোনাহার। অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের হাতে নতুন শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়।
উপহার বিতরণকালে মো. নুরজামাল হোসেন সোনাহার বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এবং আনন্দময় ধর্মীয় উৎসব। এ উপলক্ষে তিনি বিরল উপজেলাবাসীসহ দেশের সব সনাতন ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি উল্লেখ করেন, আবহমানকাল থেকেই এই অঞ্চলে সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে বসবাস করে আসছেন, যা বিরলের এক উজ্জ্বল সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য। এ সময় তিনি আসন্ন বিরল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে উপস্থিত সবার কাছে দোয়া, আশীর্বাদ, ভালোবাসা ও সামগ্রিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিরল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সুলতান মাহমুদ, বিরল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হীরা, উপজেলা বিএনপির সদস্য মো. আতাউর রহমান, পৌর বিএনপির যুববিষয়ক সহসম্পাদক মো. নুরে আমীন এবং পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. মিলনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন