অক্টোবর ৩, ২০২৬, ০৯:৫০ এএম
সেনাবাহিনীর কঠোর নিরাপত্তাবেষ্টনীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে যাত্রা শুরু করেছে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর। তিনটি বিশেষ লরিতে করে রূপপুরে নিয়ে যাওয়া হচ্ছে এই পারমাণবিক জ্বালানি।
আজ শনিবার সকাল আনুমানিক সোয়া সাতটার দিকে বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে এই গাড়িবহর রওনা দেয়। বহরের সার্বিক সুরক্ষায় সেনাবাহিনীর পাশাপাশি নিয়োজিত রয়েছেন বিশেষায়িত নিরাপত্তা বাহিনী, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে পুরো পথেই।
এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের এই জ্বালানি নিয়ে একটি বিশেষ বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়ামের চালানটি গ্রহণ করেন এবং পরবর্তী পরিবহন প্রক্রিয়া শুরু হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন