সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মোঃ আরিফ ইসলাম

অক্টোবর ১৯, ২০২৬, ০৫:৪১ পিএম

বীরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি  গ্রেপ্তার

ছবি: দিনাজপুর টিভি

আদালতে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকা মো. সেলিম ইসলামকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে আধুনিক তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ঢাকা মহানগর পুলিশের হাতিরঝিল থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সেলিম ইসলাম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর দিস্তাপাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল আজিজ ওরফে লাল মুন্সির ছেলে।

বীরগঞ্জ থানা পুলিশের আনুষ্ঠানিক তথ্য বিবরণী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (নিরস্ত্র) মো. জাহাঙ্গীর বাদশা রনির নেতৃত্বে সহকারী উপপরিদর্শক মো. সুফিয়ার রহমান ও সহকারী উপপরিদর্শক মো. একরামুল হকসহ পুলিশের একটি বিশেষ দল গত ১৮ অক্টোবর ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

রাজধানীর হাতিরঝিল এলাকায় অবস্থান নিশ্চিত করার পর তথ্যপ্রযুক্তির মাধ্যমে ট্র্যাকিং করে সোমবার ভোরে তাঁকে হেফাজতে নেওয়া হয়।

অভিযান শেষে সোমবার দুপুর আড়াইটার দিকে গ্রেপ্তার ব্যক্তিকে নিয়ে পুলিশের আভিযানিক দলটি বীরগঞ্জ থানায় এসে পৌঁছায়।

আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, সাজাপ্রাপ্ত এই আসামিকে পরবর্তী আইনগত পদক্ষেপ নিশ্চিত করতে যথাযথ আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।