অক্টোবর ১৯, ২০২৬, ০৬:৫০ পিএম
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলের বাস্তবসম্মত ও বলিষ্ঠ পদক্ষেপ দাবি করেছে বাংলাদেশ। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি ইসাবেল বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৈঠকে রাখাইনের সংঘাতময় পরিস্থিতি গুরুত্ব পায়। দ্বিপক্ষীয় এই আলোচনায় মিয়ানমারের অভ্যন্তরে চলমান রাজনৈতিক সংঘাত, সামগ্রিক নিরাপত্তা সংকট এবং বাংলাদেশে আশ্রিত লাখ লাখ বাস্তুচ্যুত মানুষের প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের মুখে মানবিক বিবেচনায় লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ দীর্ঘদিন ধরে চরম অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত সংকট মোকাবিলা করে আসছে। এই মানবিক সংকটের স্থায়ী ও টেকসই সমাধানের পথ তৈরি করতে হলে বিশ্ব সম্প্রদায়কে কেবল মৌখিক আশ্বাসে সীমাবদ্ধ না থেকে আরও কার্যকর ও দৃশ্যমান ভূমিকা পালন করতে হবে।
সংঘাত বন্ধে তৎপরতার কথা জানান জাতিসংঘ দূত।
জুলি বিশপ জানান, মিয়ানমারে রক্তক্ষয়ী সংঘাত নিরসন এবং নিরীহ বেসামরিক নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে নিয়মিত সংলাপ ও কূটনৈতিক সমন্বয় চালিয়ে যাচ্ছেন।
বৈঠকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকার নিরাপত্তা ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
উভয় পক্ষ সীমান্তে ল্যান্ডমাইনের বিস্তার, মানব পাচার এবং মাদক চোরাচালানের মতো আন্তঃসীমান্ত অপরাধ বৃদ্ধির ফলে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার ওপর যে বিরূপ প্রভাব পড়ছে, তা নিয়ে আলোচনা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ দূত একমত পোষণ করেন যে, রোহিঙ্গাদের নিজেদের ভূমিতে ফিরে যাওয়ার উপযুক্ত ও অনুকূল পরিবেশ সৃষ্টির স্বার্থে গঠনমূলক রাজনৈতিক সংলাপ এবং বহুপাক্ষিক কূটনৈতিক অংশীদারত্ব জোরদার করা অত্যন্ত জরুরি।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও যুগ্ম সচিব রেবেকা খান উপস্থিত ছিলেন।
এ ছাড়া জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক, জ্যেষ্ঠ রাজনৈতিক কর্মকর্তা ডানকান কিথ উইলসন এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) উপপ্রতিনিধি জুলিয়েট মুরেকিয়সোনি উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন