সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১০:২৪ পিএম
শরীয়তপুর শহরের প্রধান সড়কে ট্রাফিক পুলিশ বক্সের সামনে দিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের একদল নেতাকর্মী ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার দুপুরে শহরের পৌরসভা এলাকা থেকে বের হওয়া ওই মিছিলে এক তরুণকে মাথায় কাফনের কাপড় বাঁধা অবস্থায় দেখা যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. সায়েম নামের ১৮ বছর বয়সী এক তরুণকে আটক করেছে পুলিশ। শহরের কেন্দ্রস্থলে এমন মিছিলের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং দলীয় বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। মিছিলের সামনের সারিতে স্থানীয় যুবলীগ নেতা সাইফুল মোল্লা ও ছাত্রলীগ কর্মী সাজিদ মোল্লা ছিলেন বলে জানা গেছে, যার মধ্যে সাজিদ মোল্লার মাথায় কাফনের কাপড় বাঁধা ছিল। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাজিদ মোল্লা দাবি করেন, কড়া নিরাপত্তার মধ্যেই আকস্মিকভাবে মিছিল নিয়ে হাজির হওয়ার সক্ষমতা তাদের রয়েছে।
একই সঙ্গে তিনি উল্লেখ করেন, সদর উপজেলা যুবলীগ নেতা সাইফুল মোল্লার তত্ত্বাবধানে এবং ইকবাল হোসেন অপুর নির্দেশনায় কর্মসূচিটি পালিত হয়। মিছিল চলাকালে সড়কে স্বাভাবিক যান চলাচল অব্যাহত ছিল। ঘটনার পরপরই অভিযান চালিয়ে পুলিশ একজনকে আটক করে। আটক তরুণ পালং থানার হাজরাসার এলাকার বাসিন্দা মো. সাইদ আকনের ছেলে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ-আলম জানান, জুমার নামাজের সময় শহরের পুলিশ বক্সের সামনে কয়েকজন মিলে আকস্মিক মিছিল বের করে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে এবং মিছিলে যুক্ত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন