বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,
বিদ্যুৎ বিভ্রাট

আজ বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৫, ২০২৬, ১০:২৫ এএম

আজ বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

গাছের ডালপালা কর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ বৃহস্পতিবার দেশের তিন জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে নাটোরের কয়েকটি গ্রামে টানা আট ঘণ্টা এবং রাজশাহী ও ঢাকার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ও নির্ধারিত সময় পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। গতকাল বুধবার পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের তিন নম্বর ফিডারে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় ছাতিয়ানগাছা, গোধড়া, বেলগাছি ও চৌমুডাঙ্গা এলাকার বিভিন্ন গ্রামে বিদ্যুৎ থাকবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

১১ কিলোভোল্ট বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের ডালপালা কাটার জন্য রাজশাহীর বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় তালাইমারী, নর্দান মোড়, দেবিশিংপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়, সেরিকালচার, বড় বটতলা, বালিয়া পুকুর, ভদ্রা, উপরভদ্রা, শিরোইল, শান্তিবাগ ও মটপুকুরসহ আশপাশের এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর জিঞ্জিরা উপকেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় মনু ব্যাপারীর ঢাল, ছাটগাঁও, মান্দাইল, দক্ষিণ মান্দাইল, ফয়েজ নগর, রসুলপুর, বরিশুর, কুশিয়ারবাগ, নজরগঞ্জ, কালিন্দীঘাট ও কদমতলীসহ বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই গাছের ডালপালা কর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।