নভেম্বর ৫, ২০২৬, ১০:১১ এএম
ঢাকা থেকে বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে তিনি এই সফর করছেন।
বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। তার সঙ্গে রয়েছেন একাধিক মন্ত্রী, সচিব ও উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় তিনি মোংলা বন্দরে পৌঁছাবেন। সেখানে ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর সাড়ে ১০টায় বন্দরে দুটি কনটেইনার জেটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বেলা ১১টা ১৫ মিনিটে মোংলা বন্দর থেকে সড়কপথে বাগেরহাটের হযরত খান জাহান আলী (রহ.) মাজারের উদ্দেশে রওনা হবেন। সেখানে বেলা ১২টা ৪৫ মিনিটে তিনি মাজার জিয়ারত করবেন।
মাজার জিয়ারত শেষে বেলা ১টা ১৫ মিনিটে সড়কপথে খুলনার উদ্দেশে রওনা হয়ে দুপুর ২টা ১৫ মিনিটে খুলনা সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন। বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানের কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৪টায় তিনি হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং বিকেল ৫টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন