সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬,

বিশ্ববিদ্যালয় দক্ষ মানুষ তৈরির কেন্দ্র‍‍`ছাত্রশিবির সভাপতি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৭, ২০২৬, ০৫:৫২ পিএম

বিশ্ববিদ্যালয় দক্ষ মানুষ তৈরির কেন্দ্র‍‍`ছাত্রশিবির সভাপতি

ছবি - সংগৃহীত

বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু সার্টিফিকেট দেওয়ার প্রতিষ্ঠান হিসেবে না দেখে দক্ষ ও যোগ্য মানুষ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসাইন।শুক্রবার (১৭ জুলাই) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাখার উদ্যোগে প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তরুণ প্রজন্মকে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হিসেবে আখ্যা দিয়ে সাদ্দাম হোসাইন বলেন, এই তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে না পারলে দেশের অর্থনীতির জন্য সুযোগ নষ্ট হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াকে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের প্রথম বর্ষ থেকেই নিজের লক্ষ্য ঠিক করার পরামর্শ দেন। অভিযোজনের ক্ষমতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পরিবর্তনের সঙ্গে নিজেকে বদলাতে না পারলে কেউ টিকে থাকতে পারে না।

শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, পাস করার পর শিক্ষার্থীদের চাকরির জন্য বছরের পর বছর বিসিএসের প্রস্তুতি নিতে হয়। যদি বিশ্ববিদ্যালয় থেকেই দক্ষতা অর্জন করা সম্ভব হয়, তবে শিক্ষার্থীরা সরাসরি কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারবে। বিদেশের বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানেও সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

সাদ্দাম হোসাইন শিক্ষার্থীদের কেবল ভালো সিজিপিএ অর্জনের পেছনে না ছুটে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, পাইথন, এক্সেল, পরিসংখ্যান এবং ইংরেজি ভাষায় দক্ষ হওয়ার তাগিদ দেন। তিনি বলেন, থার্ড ইয়ার থেকেই এসব গবেষণার টুল শেখা শুরু করলে চাকরির বাজারে শিক্ষার্থীরা এগিয়ে থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট ও গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধ করে নিরাপদ আবাসন নিশ্চিত করার দাবি জানান তিনি।

অর্থনৈতিক বৈষম্য নিয়ে বক্তব্যে তিনি বলেন, সম্পদের অভাবের চেয়ে বড় সমস্যা সম্পদের অসম বণ্টন। সুশাসন ও দুর্নীতি নিয়ন্ত্রণ ছাড়া এই বৈষম্য দূর করা সম্ভব নয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন এবং সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি মুজাহিদুল ইসলাম। এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।