বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

ক্যাশ অ্যাপ প্রতিষ্ঠাতা বব লি হত্যা: নিমা মোমেনির ১৬ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১২, ২০২৬, ০১:১৭ এএম

ক্যাশ অ্যাপ প্রতিষ্ঠাতা বব লি হত্যা: নিমা মোমেনির ১৬ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড

ক্যাশ অ্যাপের সহ-প্রতিষ্ঠাতা বব লি হত্যা মামলার রায়ের পর আদালত চত্বর।

যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে বহুল আলোচিত ক্যাশ অ্যাপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রযুক্তিবিদ বব লি হত্যা মামলায় দোষী সাব্যস্ত নিমা মোমেনিকে ১৬ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সানফ্রান্সিসকো সুপিরিয়র কোর্টের বিচারক আলেকজান্দ্রা গর্ডন এই সাজা ঘোষণা করেন। ২০২৩ সালের এপ্রিল মাসে সানফ্রান্সিসকোর একটি খালি রাস্তায় ছুরিকাঘাতে নিহত হন বব লি। এই হত্যাকাণ্ডের ঘটনায় প্রযুক্তি বিশ্বে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।

নিহত বব লি সিলিকন ভ্যালিতে অত্যন্ত পরিচিত মুখ ছিলেন। স্কয়ার প্রতিষ্ঠানে প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ক্যাশ অ্যাপের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এছাড়া তিনি ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত গুগলে প্রকৌশলী হিসেবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের উন্নয়নে কাজ করেন। পরবর্তী সময়ে তিনি ক্রিপ্টো পেমেন্ট কোম্পানি মোবাইলকয়েনের প্রধান পণ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন এবং কোভিড-১৯ মহামারী চলাকালীন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও মোবাইল অ্যাপ তৈরিতে সহায়তা করেছিলেন।

২০২৩ সালের এপ্রিল মাসে সানফ্রান্সিসকোর রাস্তায় রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় বব লিকে। তার হিপ ও হৃদপিণ্ডে ছুরিকাঘাত করা হয়েছিল। গুরুতর আহত অবস্থায় তিনি নিজেই জরুরি সেবা নম্বরে ফোন করেছিলেন, তবে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর সানফ্রান্সিসকোর আইনশৃঙ্খলার অবনতি নিয়ে প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা বিভিন্ন মন্তব্য করলেও তদন্তে বেরিয়ে আসে যে এটি কোনো সাধারণ ছিনতাই বা নৈরাজ্যের ঘটনা ছিল না।

প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, নিমা মোমেনির বোনের সঙ্গে বব লির পরিচয় ছিল এবং ঘটনার রাতে তারা একসঙ্গে পার্টি করেছিলেন। মোমেনির বোনকে ড্রাগ ডিলারদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে বলে আদালতে উঠে আসে। অন্যদিকে, নিমা মোমেনের আইজীবীরা দাবি করেছিলেন যে বব লি তাকে ছুরি নিয়ে আক্রমণ করায় তিনি আত্মরক্ষার্থে ওই পদক্ষেপ নিয়েছিলেন। তবে বিচারক মোমেনির নতুন করে বিচার চেয়ে করা আবেদন নাকচ করে দেন এবং সাজা ঘোষণা করেন। আসামিপক্ষের আইনজীবীরা এই রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন।

তথ্যসূত্র: এনগ্যাজেট